প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলতে বাছাইপর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। সেখানে আবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কণ্ঠে দৃঢ়তা আর্জেন্টিনার বয়সভিত্তিক দলটির কোচ হাভিয়ের মাসচেরানোর। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েই অলিম্পিকে জায়গা করে নিতে চান দেশটির সাবেক এ অধিনায়ক।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে অলিম্পিকে খেলবে দুটি দল। সেই দুটি জায়গার জন্য গ্রুপ পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে লড়ছে চারটি দল। যেখানে এখন পর্যন্ত ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে প্যারাগুয়ে। দুইয়ে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ ও প্যারাগুয়ের বিপক্ষে ৩-৩ গোলে। ২ পয়েন্ট নিয়ে অলিম্পিকের গত আসরের চ্যাম্পিয়নরা এখন আছে তিন নম্বরে। এই অবস্থায় ব্রাজিল ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই আর্জেন্টিনার সামনে।
রোববার মুখোমুখি হবে দুই দল। আগের দিন সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন, ‘আমরা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা থেকে এক জয় দূরে। সমালোচনা থাকবেই তবে সেটা নিয়ে আমি ভাবছি না। চেষ্টা করছি নিজের সেরাটা দেওয়ার। কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। শুরু থেকেই আমরা জেতার জন্য মাঠে নামব। আমরা যা করতে পারি সেটার দিকেই মনোনিবেশ করছি।’
