সড়ক দুর্ঘটনার শিকার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৬ পিএম

ঢাকার দ্বিতীয় পর্বের খেলা শেষে এবার বন্দরনগরী চট্টগ্রাম আয়োজন করবে বিপিএলের ময়দানের লড়াই। তার আড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। তবে এতে কোনো ক্রিকেটার ছিলেন না বলে জানা গেছে। এ ছাড়া বাসে থাকা কারও কোনো ক্ষতি হয়নি বলেও জানা যায়।

গতকাল রাতে ঢাকা থেকে টিম বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। বাসে চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন আর ছিল ক্রিকেটারদের সরঞ্জাম। আজ সকালে বাসটি সীতাকুন্ডে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে হোম টিম চ্যালেঞ্জার্স। সে জন্য নিজেদের শহরে বিপিএল মাতাতে আজই ঢাকা ত্যাগের কথা আছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স। চট্টগ্রামে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত