আরো একটি সিনেমায় শাবনূর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম

অবশেষে আপন ভুবনে ফিরছেন নব্বইয়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে।

এসময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেয়া হয় । সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’। এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। ‘রঙ্গনা’ দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন। সিনেমাটি প্রযোজনায় আছেন মৌসুমী আক্তার মিথিলা।

‘রঙ্গনা’র পর ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। দুটি সিনেমা করেই থেমে থাকতে চান না শাবনূর। বললেন, এখানেই থেমে থাকবো না। পরপর কাজ করব। চেষ্টা করব একটির পর আরও কাজ করার। একটি কথা বলতে চাই কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা সারা জীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।

সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। দুই ঈদের এক ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত