নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন চলছেই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার  এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় শহীদ মিনারসংলগ্ন সড়কে মানববন্ধন করেন বিএনপিপন্থি শিক্ষকদের প্ল্যাটফর্ম ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’। বিকেল ৪টায় পরিবহন চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ধর্ষণবিরোধী সমাবেশ করে। সন্ধ্যা ৭টায় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করে শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’। মিছিলটি বটতলা ঘুরে মূল সড়ক দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ চলাকালে উপাচার্য প্রশাসনিক বডির অন্যদের সঙ্গে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের কাছে আরও সময় চেয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম বলেন, ‘আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে একজন করে ছাত্রলীগের সিটমন্ত্রী উপহার দেওয়া হয়েছে। এই সিটমন্ত্রী হলের সিট নিয়ন্ত্রণ করে। বিশ্ববিদ্যালয়ে কেন মোস্তাফিজের উৎপত্তি হলো; এই মোস্তাফিজের পেছনে কারা? এর পেছনের গডফাদারদের যদি বিচার না হয় প্রতিটা সময়ে কিন্তু এই মোস্তাফিজদের জন্ম হবে।’

ধর্ষণবিরোধী সমাবেশে উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা বলেন, ‘ইতিপূর্বে আমরা অনেক ঘটনা দেখেছি যেখানে নিপীড়নে অভিযুক্ত থাকার পরও প্রশাসনের ক্ষমতাকাঠামোর সঙ্গে যুক্ত থাকার কারণে বিচার হয়নি। বিচার নিশ্চিত করতে না পারাটা আমাদের জন্য দুর্ভাগ্য। একটি বড় ছাত্র আন্দোলনই পারে এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে চাপ তৈরি করতে।’

সমাবেশে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম আন্দোলনকারীদের বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করছি অছাত্রদের হল থেকে বের করার জন্য। আমি শতভাগ সফল হইনি ঠিকই কিন্তু সফল হয়েছি। অনেক হল থেকে অনেক ছাত্রকে ইতিমধ্যে বের করা হয়েছে বলে আমার কাছে তথ্য এসেছে। আমাকে আরও দুএকটা দিন সময় দিতে হবে, তাহলে আমি সব অছাত্রকে হল থেকে বের করে দিতে পারব।’ এর আগে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে অছাত্রদের হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ছিল এর শেষ দিন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাতে স্বামীকে হল কক্ষে আটকে রেখে স্ত্রীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এক বহিরাগতের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত