দেশে দুই সপ্তাহের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) ৩৪২টি নমুনা পরীক্ষা করে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। এর আগে এর চেয়ে বেশি শনাক্ত হার ছিল গত ২৬ জানুয়ারি ৮ দশমিক ৭০ শতাংশ। সেদিন রোগী শনাক্ত হয়েছিল ৩৪ জন।
গত চার দিন ধরে করোনায় মৃত্যুশূন্য দেশ। সর্বশেষ একজনের মৃত্যু হয়েছিল গত ৭ ফেব্রুয়ারি। এ নিয়ে এই বছর করোনায় মারা গেল ছয়জন। তাদের মধ্যে জানুয়ারিতে পাঁচজন ও এ মাসের গত ১১ দিনে একজনের মৃত্যু হয়েছে।
৬ দিন ধরে ডেঙ্গুতে মৃত্যু নেই : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ছয় দিন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দেশ। সর্বশেষ একজনের মৃত্যু হয়েছিল ৫ ফেব্রুয়ারি। এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৬ জন। তাদের মধ্যে এ মাসের গত ১১ দিনে দুইজন ও জানুয়ারি মাসে ১৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে পাঁচ ও ঢাকার বাইরে নয়জন।
এ নিয়ে এই বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২৪ জনে। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৮০৩ ও ঢাকায় ৪২১ জন। মোট রোগীর মধ্যে ৬৩ শতাংশ বা ৭৭৫ জন পুরুষ ও ৩৭ শতাংশ বা ৪৪৯ জন নারী।
