মিয়ানমারে চলমান সংঘর্ষ পরিস্থিতি বিবেচনা করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে নেওয়া হচ্ছে। এবিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন দিয়েছে।
ঘুমধুম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে উত্তর ঘুমধুমের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া আগামী দুয়েক দিনের মধ্যেই বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম সাংবাদিকদের একথা জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ নূরে আলম মিনা, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজ ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিভাগীয় কমিশনার ও ডিআইজি সীমান্ত এলাকা ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন। ওই কেন্দ্রটিতে পাঁচ শতাধিক এসএসসি পরীক্ষার্থী রয়েছে। বর্তমানে কেন্দ্রটিতে ১৫৮ জন মিয়ানমারের বিজিপি সদস্য অবস্থান করছে। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ডিআইজি নূরে আলম মিনা জানান, সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। তবে সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশের পাশাপাশি র্যাব কাজ করছে। এদিকে তুমব্রু সীমান্তে কোনো গোলাগুলি না হওয়ায় পরিস্থিতি এখন শান্ত। তবে লোকজনদের জিরো লাইনের কাছে না যেতে নির্দেশনা দিয়েছে বিজিবি। টহল বাড়ানো হয়েছে সীমান্তে। সেখানে বসবাসকারীরা ঘরে ফিরে গেছে।
বিয়ে–জন্মদিনের পার্টিতে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব