তামিমের ফেরার বিষয়ে অনিশ্চয়তা রয়েই গেল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম

গেল বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে হুট করেই তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন অবসরের। পরে সিদ্ধান্ত বদলে ফিরলেও ছেড়ে দেন নেতৃত্ব।  তবে তামিমের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। কারণ হিসেবে বলা হয়েছিল ফিট নন তামিম। তা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ সিরিজ খেললেও স্কোয়াডে ছিলেন না। এবার বাদ পড়লেন কেন্দ্রিয় চুক্তি থেকেও। তবে কি তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ!

বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম। বর্তমানে তিনি ফ্রাঞ্চাইজি দলটির সঙ্গে চট্টগ্রামে অবস্থান করছেন। তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। ঢাকায় ফিরলে তামিমের সঙ্গে জালাল ভাই ও অন্যরা বসবে। তারা বসার পর আমি নিজেও বসব। এই বিপিএল চলাকালীনের মধ্যেই সব সিদ্ধান্তগুলো জানাতে পারব। এর আগে বলাটা আসলে মুশকিল।’

তামিম এখনো অবসরের ঘোষণা দেননি। এর আগে বলা হয়েছিল তামিম ইস্যু নিয়ে সিদ্ধান্ত জানানো হবে আজকের বোর্ড সভায়। সেটি হয়নি। সব মিলিয়ে এখনো জাতীয় দলে তামিমের ফেরা না ফেরা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত