সাকিবের নিশ্চয়তা দিতে পারলেন না পাপনও

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম

বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে সাকিব আছেন তিন সংস্করণেই। তবে সব সংস্করণে সব সময় সাকিব খেলবেন কি না সেই নিশ্চয়তা দিতে পারেননি খোদ ক্রীড়ামন্ত্রীও।

বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, 'সাকিবের সাথে কথা হয়েছে। ওর চোখের সমস্যাটা এখনও যায়নি। আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে, বিশ্বকাপ আছে; ওর থাকা না থাকা (সব ম্যাচে) নিয়ে আমরা শিওর না।'

সাকিব মাগুরা-১ আসনের নির্বাচিত এমপি। সাংসদ হয়ে সাকিবের পক্ষে এতকূল তো রক্ষা করাও কঠিন!

সাকিবই অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিল জানিয়ে পাপন আরও বলেন, 'অবশ্যই ও (সাকিব) আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এই অনিশ্চয়তার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্তটা নিতে দেরি করতে চাইনি। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি সময় নেই। এই সময়টা যেন ভালোভাবে দলটা চলতে পারে সে জন্য আমরা (শান্ত) নামটা ঘোষণা করে  দিয়েছি'।

এতদিন তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব। এবার এক সঙ্গে তিন ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণায় সাকিবের নেতৃত্ব অধ্যায়েরও ইতি ঘটল।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সাকিব একটি টিভি চ্যানেলে বলেছিলেন, বিশ্বকাপের পর আর অধিনায়ক থাকবেন না তিনি।

সাকিব বাংলাদেশকে ১৯ টেস্ট, ৬২ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত