এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২৫ হাজার কোটি টাকা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ এএম

বিভিন্ন ধরনের নীতি-সহায়তা দেওয়ার পরও এক বছরের ব্যবধানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এর ফলে ২০২৩ সালের ডিসেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা, যা মোট ঋণের ৯ শতাংশ। ২০২২ সালের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ২০ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা, যা মোট ঋণের ৮ দশমিক ১৬ শতাংশ।

ডলার ও টাকার সংকটে যখন দেশের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে, তখন ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায়ে ধীরগতি দেখা দিয়েছে। খেলাপি ঋণ বৃদ্ধির এটিই প্রধান কারণ। তবে বছরওয়ারি হিসেবে খেলাপি ঋণ বাড়লেও সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা কমেছে। গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৬৫ হাজার ১৯৫ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এটি ছিল বিতরণকৃত ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ। সর্বশেষ প্রান্তিকে খেলাপি ঋণ ৯ হাজার ৭৬৫ কোটি টাকা কমে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। চলতি বছরের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ১৬ লাখ ১৭ হাজার ৬৮৯ কোটি টাকা। মূলত নির্বাচন, ঋণ পুনঃতফসিল আর অবলোপনের কারণে খেলাপি ঋণ কমেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মন্দ ঋণকে একটি যুক্তিসংগত স্তরে নামিয়ে আনতে এবং ব্যাংক খাতে সুশাসন ফেরাতে গত সপ্তাহে একটি রোডম্যাপ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে খেলাপি ঋণ ৮ শতাংশের নিচে নামিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

বিভিন্ন সূত্র জানিয়েছে, কাগজে-কলমে খেলাপি ঋণ কমেছে দেখা গেলেও এসব ঋণ পুনঃতফসিল বা অবলোপন হয়েছে। গত বছরের প্রথম ৯ মাসে ব্যাংক খাতে পুনঃতফসিল হয়েছে ১৮ হাজার ৮১২ কোটি টাকা। আর শেষ তিন মাসে পুনঃতফসিল হয়েছে ১৫ হাজার কোটি টাকার বেশি। এর বাইরে গত বছর সুদ মওকুফ করা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।

এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘খেলাপির যে চিত্র উঠে এসেছে প্রকৃত চিত্র এটা না। প্রকৃত চিত্র আরও ভয়াবহ, আরও বড় হবে। তবে এখানে যে ঋণ কম দেখানো হয়েছে এগুলো কি আদায় হয়েছে? আদায় না হলে বুঝতে হবে এসব ঋণও মন্দমানের ঋণ।’ কাগজে-কলমে খেলাপি ঋণ কম না দেখিয়ে খেলাপি ঋণ আদায়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত