তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে ঢাবির সেই অধ্যাপক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ এএম

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের পর শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রেজিস্ট্রার দপ্তর থেকে বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুরের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নিমিত্তে অধ্যাপক নাদিরকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কমিটি গঠনসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগেরই একজন ছাত্রী। পরে তিনি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর গত রবিবার শিক্ষক নাদির জুনাইদের বিচারের আগ পর্যন্ত সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন করেন বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল সোমবার অধ্যাপক নাদিরের অফিসকক্ষ ও ক্লাসরুমে তালা দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবি জানান। পরে শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অধ্যাপক নাদিরকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিল প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত