জাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক (রেজিস্ট্রার) ভবন অবরোধ করে ধর্ষণকান্ডের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’। এই প্রতীকী অবরোধ কর্মসূচি ১১টা পর্যন্ত চলে। অবরোধ চলাকালে প্রতিবাদী সমাবেশ করেন তারা। এর আগে গত সোমবারও একই সময়ে অবরোধ করেন আন্দোলনকারীরা।

নিপীড়নবিরোধী মঞ্চের দাবিগুলো হলো ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আবাসিক হল থেকে বের করে নিয়মিত শিক্ষার্থীদের আসন নিশ্চিত করা এবং র‌্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিশ্চিত করাসহ ক্যাম্পাসে বিভিন্ন সময় নানা অপরাধে অভিযুক্তদের বিচার নিশ্চিত করা, নিপীড়কদের সহায়তাকারী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত করতে হবে এবং তদন্তের স্বার্থে তদন্ত চলাকালে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা-পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত