দক্ষতা উন্নয়নে ২.২ কোটি ইউরো দেবে জার্মানি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৫ এএম

শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাঁচ প্রকল্পে ২ কোটি ২১ লাখ ৭০ হাজার ইউরো ঋণ দেবে জার্মানি। জার্মানির কারিগরি সহযোগী সংস্থা ‘গিজ’ (ডয়চে গেজেলেশাফ্ট ফুয়ের ইন্টারনাশিওনালে সুজামেনারবাইট-জিআইজেড) অনুদান দেওয়ার পাঁচটি চুক্তি করেছে। পাঁচটির মধ্যে একটি প্রকল্প শিক্ষার উন্নয়নে আর বাকি চারটিই দক্ষতা উন্নয়নের জন্য। গতকাল বুধবার বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, জার্মান সরকারের পক্ষে স্বাক্ষর করেন গিজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. আন্দ্রেস কুক। বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে টেক্সটাইল খাতের উন্নয়নে ‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল টেক্সটাইলস-হেলড’ শীর্ষক প্রকল্পে ৭৭ লাখ ৮০ হাজার ইউরো অনুদান দেওয়ার চুক্তি হয়েছে।

স্রেডার ‘স্কিল ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল এনার্জি সল্যুশন্স’ শীর্ষক প্রকল্পে ৫০ লাখ ইউরো ও ‘এনার্জিসিং ডেভেলপমেন্ট’-এ ২০ লাখ ইউরো অনুদান দেবে জিআইজেড। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে নেওয়া প্রকল্প ‘স্কিল ফর সেলফ মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে ৭০ লাখ ইউরো, আঞ্চলিক প্রকল্প ডিজিটাল স্কিল টু সাকসিড ইন এশিয়া ৩ লাখ ৮২ হাজার ইউরো সহায়তা দেবে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত