আমার প্রতিষ্ঠান জবর দখল হয়েছে, ভয়ংকর পরিস্থিতিতে আছি: ড. ইউনূস

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনটি ‘জবর দখল’ করা হয়েছে বলে অভিযোগ করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংক তাদের আটটি প্রতিষ্ঠান জবর দখল করেছে। এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি। একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় অন্যদের মধ্যে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

১২ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এ ভবনে অবস্থিত আটটি অফিস দখল করে নেওয়া হয় বলে জানান ড. ইউনূস। তিনি বলেন, ওই দিন থেকে তারা ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা আপনারাই বলেন। তাহলে দেশে আইন–আদালত আছে কিসের জন্য। তারা আদালতে যেতে চায় না। আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।

ড. ইউনুস বলেন, হঠাৎ করে কী হলো। বাইরের কিছু লোক এসে তা জবরদখল করছে। আমরা কোথায় যাব, কী করব। পুলিশের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। কিন্তু তারা ঘুরে গিয়ে কোনো অসুবিধা দেখছেন না বলে জানান! জবরদখলের পর আমরা নিজের বাড়িতে ঢুকতে গেলে, তারা আমাদের পরিচয় জিজ্ঞাসা করছে। নিজের অফিসে ঢুকতে পারব কিনা, এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে।

তিনি বলেন, দেশটা চলছে কিভাবে। আমাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল হচ্ছে। এ বিষয়ে আদালতে শরণাপন্ন হবেন বলে জানান তিনি। তিনি বলেন, ব্যবসার মুনাফার টাকায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রামীণ ব্যাংকের টাকায় হয়নি। যা হয়েছে আইন মেনে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত