ড. ইউনূসের প্রতিষ্ঠান থেকে ‘শকুনের থাবা’ ফিরিয়ে নেওয়ার আহ্বান মান্নার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম

ড. মুহাম্মদ ইউনূসকে তার তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে সরকারপন্থীদের দখলে নেওয়ার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকার এবং সরকারি দল অন্যায়ের সকল সীমা অতিক্রম করেছে।

আজ বৃহস্পতিবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে দারিদ্র‍্য বিমোচনে ড. ইউনূসের যে অবদান তা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অথচ নিজের দেশে তিনি অবৈধ কর্তৃত্ববাদী সরকার দ্বারা চরম নিগৃহীত হচ্ছেন। তার গড়ে তোলা প্রতিষ্ঠান অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করছে সরকার। আগেই গ্রামীণ ব্যাংক দখল করেছে, এখন বাকী প্রতিষ্ঠানগুলোকে দখল করে সেগুলোও ধ্বংস করার পাঁয়তারা করছে। সারা দেশের প্রায় ১ কোটি দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দারিদ্র বিমোচন, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা ড. ইউনূসের সেবামূলক যে প্রতিষ্ঠান গুলো করে; সেগুলো দখল করে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের পরিকল্পনা করছে সরকারের মদদপুষ্টরা। এতে সারা দেশে সেবা পাওয়া এই এক কোটি দরিদ্র মানুষও অসহায় হয়ে পড়বে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে মান্না বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে আমি শিক্ষক হিসেবে পেয়েছিলাম। তার কাছ থেকে শেখা বিষয়গুলো বিশেষ করে একজন মানুষকে কিভাবে কাজের জন্য উদ্যোগী করে তোলা যায় এবং একজন থেকে কিভাবে হাজার, লক্ষ মানুষের মধ্যে সেই উদ্যোগ, সেই উদ্যম ছড়িয়ে দেওয়া যায় তা আমি প্রতিনিয়ত অনুসরণ করি। ড. মুহাম্মদ ইউনূসের মতো সম্মানিত, সারা বিশ্বে সমাদৃত, বিশ্ববরেণ্য ব্যক্তিকে অসম্মান করে স্বৈরাচার হাসিনা সরকার তাদের আসল চেহারা আরেকবার উন্মোচন করল।

ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তার গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে সরকারের শকুনের থাবা ফিরিয়ে নেওয়ার দাবি জানান মান্না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত