নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেললেন রোহিত শর্মা। ভারতীয় দল যখন খাদের কিনারায় ছিল, সেইসময় দলকে বাঁচালেন হিটম্যান। রোহিত ১৫৭ বলে সেঞ্চুরিতে পৌঁছে গিয়েছেন, যে ইনিংসের মধ্যে রয়েছে ১১টি চার ও দুটি বিশাল ছক্কা।
ভারত সেইসময় ৩৩/৩, সেই অবস্থায় একটা দিক ধরে রেখেছিলেন দলের অধিনায়ক রোহিত। সঙ্গী রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলকে উদ্ধার করলেন রোহিত। তাদের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে ভারত ৫ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করেছে।
অনেকদিন ধরেই রোহিতের ব্যাটে সেঞ্চুরি ছিল না। এমন একটা সময়ে তাঁর ব্যাট থেকে সেরা ইনিংস এসেছে, যে সময়ে দল ভাল অবস্থায় ছিল না। রোহিতের ৭১ বলে ৫০ রান এসেছে, হাফসেঞ্চুরির মধ্যে ছিল মোট ৮টি বাউন্ডারি। চা-বিরতির পরেই সেঞ্চুরি পান এই নামী তারকা। প্রায় একবছর পরে টেস্টে সেঞ্চুরি পেলেন রোহিত।
এদিন ম্যাচে ২১ রানের মাথায় একবার জীবন পান তিনি। সেইসময় জো রুট ক্যাচ ফেলে দিয়েছিলেন। একটা সুযোগ পাওয়ার পরেই রোহিত দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছেন। দিনের প্রায় শেষভাগে এসে আউট হয়েছেন ১৩১ রান করে। পাশাপাশি নিজের ঘরের মাঠে রবীন্দ্র জাদেজাও হাফসেঞ্চুরি পূর্ণ করে নিশ্চিত গতিতে এগোচ্ছেন। জাদেজার ৫০ রান এসেছে ৯৭ বলে, যার মধ্যে ছিল পাঁচটি বাউন্ডারি। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১১০ রানে।
এছাড়া সরফরাজ আউট হয়েছেন ৬২ রান করে। দিনের পর দিন উপেক্ষিত সরফরাজ খান প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই একাদশে জায়গা পেলেন। নির্বাচকরা যে ভুল কিছু করেননি সেটা ফিফটি হাঁকিয়ে প্রমাণও দেন। সরফরাজ হাঁটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু দুর্ভাগা রান আউটে ইতি ঘটলো দারুণ এক ইনিংসের, যেখানে দোষটা তার নয়, অন্য প্রান্তে ৯৯ রানে থাকা রবীন্দ্র জাদেজার। জাদেজা সেঞ্চুরির খুব কাছে থাকার পরও সরফরাজের আউটে হতাশ হয়েছেন রোহিত শর্মা। ড্রেসিং রুমে মাথার ক্যাপ খুলে বিরক্তিও প্রকাশ করেন। অভিষেক টেস্টে সরফরাজের আর কী-ই-বা পাওয়ার থাকে? বাবা-স্ত্রীর সামনে ভারতের হয়ে প্রথমবার ব্যাট করতে নেমে ৬৬ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস। আউট হওয়ার পর তার হয়ে জাদেজার উপর হতাশা, বিরক্তি প্রকাশ করেছেন খোদ দলের অধিনায়ক।
মধ্যাহ্ন বিরতিতে ১৩৩/৩ ছিল ভারতীয় দলের স্কোর। টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং নিয়েছে বৃহস্পতিবার। মাত্র ৩৩ রানের মধ্যেই ভারতের তিন উইকেট চলে যায়। ইংল্যান্ডের মার্ক উডের বলে ফেরেন দুই তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল (১০) ও শুভমান গিল (০)।
