৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১ বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১৯ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী উপস্থিত হয়নি। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৭ হাজার ৬৬০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৯৬৮ জন।
এ ছাড়া অসদুপায় অবলম্বন করায় এসএসসির ৬, মাদ্রাসা বোর্ডের ৭ ও কারিগরি বোর্ডের ১১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করায় বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডের একজন কক্ষ পরিদর্শকও। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‘নিয়ন্ত্রণ কক্ষ’ থেকে এ তথ্য জানানো হয়।
সবচেয়ে বেশি অনুপস্থিতি ঢাকা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ৮০৯, রাজশাহীতে ১ হাজার ১৮১, বরিশালে ৬৮২, সিলেটে ৫৬৪, দিনাজপুরে ১ হাজার ৪৩, কুমিল্লায় ১ হাজার ৩৭০, ময়মনসিংহে ৬০৪ এবং যশোর বোর্ডে ১ হাজার ১৩৩ জন অনুপস্থিত ছিল।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা।
শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবার এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এবারের পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’ গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে এমবিবিএস ভর্তি পরীক্ষার রোল নম্বর এসএমএসে পাঠিয়ে অভিভাবকদের পক্ষ থেকে তদবির করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক অভিভাবক আমাকে মোবাইলে এসএমএস করেছেন। তাদের ছেলেমেয়েদের রোল নম্বরও পাঠিয়েছেন। লিখেছেন কিছু করা যাবে কি না? আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে! এটা অত্যন্ত লজ্জাজনক। নৈতিক এই অধঃপতন নিয়ে অভিভাবকরা ছেলেমেয়েদের কী শেখাবেন?’
মন্ত্রী মনে করেন, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এজন্য পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলনের এই আয়োজন করা হয়েছে।
