পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৫ এএম

ঢাকার কেরানীগঞ্জে পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়ার পর এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম নাহিদ হোসেন (১৫)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রুহিতপুর এলাকার ইস্পাহানি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এই পরীক্ষার্থী। পরে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া নাহিদ হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কোণাখোলা এলাকার সবজি বিক্রেতা আবুল কালাম আজাদের ছেলে। সে শাক্তা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছিল।

ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম তাপস বলেন, ‘এসএসসির প্রথম পরীক্ষা থাকায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ছাত্র-ছাত্রীরা কেন্দ্রে প্রবেশ করে। এরপর শিক্ষার্থীদের হাতে মূল্যায়ন খাতা দেওয়ার সময় কেন্দ্রের ভেতরে বেঞ্চে বসা অবস্থায় ছেলেটি (নাহিদ হোসেন) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ তার বাবা-মাকে তাৎক্ষণিক বিষয়টি জানালে তারা ছেলেকে পাশের রুহিতপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। পরে তাকে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।’

শাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, ‘নাহিদ আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। সে দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিল বলে তার শ্রেণি শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু ওই শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল, তাই তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাদের অবগত করলে আমরা পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত