‘আমি পেট্রোল চালিত ইঞ্জিন নই যে প্রতিদিন তিনশ ছয় মারব’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম

জাতীয় দলের জার্সিতে ফের গায়ে তুলতে চান। আর তার জন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চাইতে সেরা মঞ্চ কি হতে পারে। তাকেই পাখির চোখ করেছেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান আসিফ আলি। নিয়মিত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। এরই মাঝে দেশটির গণমাধ্যমে খবর চাউর হয়, প্রতিদিন নাকি তিনশ করে ছক্কা হাঁকানোর অনুশীলন করেন আসিফ। এর আগে একবার নিজেই বলেছিলেন একশ-দেড়শ ছক্কার অনুশীলন করেন তিনি। তবে এবারের অতিরঞ্জন খবরে আক্ষেপ প্রকাশ করেছেন আসিফ নিজেই।

বলেছেন, ‘আমি পেট্রোল চালিত ইঞ্জিন নই যে প্রতিদিন তিনশ ছয় মারব। এনসিএতে থাকাকালীন আমি ছক্কা হাঁকানোর অনুশীলন করতাম। তবে ওই বিবৃতি যিনি লিখেছেন তিনি ভুলভাবে ব্যাখ্যা করেছেন।’

এক বছরের বেশি সময় ধরে পাকিস্তান জাতীয় দলের বাইরে আছেন আসিফ। সে সময়ের মধ্যে ৩২ বয়সী এই ক্রিকেটার নিজের দুর্বল দিকগুলো সংশোধনের কাজ করেছেন। পিএসএল দিয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার আশা আসিফের, ‘ক্রিকেটের আরেক নাম চাপ, এটিকে ভালোভাবে সামলানো জানতে হয়। বিদেশেও আমার বিভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। নিজের দুর্বলতা নিয়ে কাজ করেছি, যা পিএসএলে শুধরে ওঠার চেষ্টা থাকবে।’

২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় আসিফের। একই বছরের জুলাইতে প্রথমবার খেলেন আন্তর্জাতিক ওয়ানডে। স্ট্রাইক রেটে আসিফের দক্ষতা থাকলেও, গড় রানে পিছিয়ে আছেন তিনি। ২১টি আন্তর্জাতিক ওয়ানডেতে তিন ফিফটিতে তিনি করেছেন ৩৮২ রান। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৮টি ম্যাচ খেলেছেন আসিফ। যেখানে নিচের দিকে নামা এই ব্যাটারের রান সংখ্যা ৫৭৭ হলেও কোনো ফিফটি পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত