বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাটোর সদরের আল আমিন ওরফে মানিক (৩৯), কুড়িগ্রাম সদরের কুদ্দুস মিয়া (৩৭) এবং কুড়িগ্রামের উলিপুরের নুর ইসলাম (২২)। এদের মধ্যে আল আমিন এবং কুদ্দুস ট্রাক চালক এবং নুর ইসলাম ট্রাকের হেলপার ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সকালে বীরগ্রাম এলাকায় নাটোরগামী বালুবাহী ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী কয়লাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, দুই ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
