নারী টেস্ট

এক ইনিংসেই অস্ট্রেলিয়ার দুই রেকর্ড

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম

অ্যানাবেল সাদারল্যান্ডের ডাবল সেঞ্চুরি, অ্যালিসা হিলির ৯৯ রানের ইনিংসে পার্থ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড স্কোর গড়েছে অস্ট্রেলিয়ার নারী দল।

৯ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছে তারা। নারীদের টেস্টে এখন এটিই সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ স্কোরও ছিল অস্ট্রেলিয়ারই, ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৫৬৯ রানে ইনিংস ঘোষণা করেছিল তারা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে অলআউট করে দেওয়ার পর ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়াও। বেথ মুনিকে নিয়ে দলকে টেনে তোলেন হিলি। মুনির সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন। হিলি আউট হন ১২৪ বলে ১৬ চারে ৯৯ রান করে।

পরের গল্পটা সাদারল্যান্ডের। ছয়ে নামা সাদারল্যান্ড ২৫৬ বলে খেলেছেন ২১০ রানের ইনিংস। নারী টেস্টে ডাবল সেঞ্চুরি করা নবম ব্যাটার তিনি।

সাদারল্যান্ডের ২১০ রানের ইনিংসটি চতুর্থ সর্বোচ্চ, সবার ওপরে পাকিস্তানের কিরন বালুচ এর ইনিংস (২৪২)। সাদারল্যান্ডের ইনিংসে ছিল ২৭টি চার ও ২টি ছক্কা।

সাদারল্যান্ডের ডাবলে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৯৯ রানের লিড নেয়। প্রথম ইনিংসে লিড নেওয়ার ক্ষেত্রে ৮৯ বছরের রেকর্ড ভাঙল তারা। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তারা নিয়েছিল ৪৫৯ রানের লিড।

দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকার নারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত