সংসার ভাঙল অভিনেতা কাঞ্চনের  

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম

দীর্ঘ আইনি জটিলতার অবসান। অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, গত ১০ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে আদালত।

কয়েক বছর আগে কাঞ্চন-পিঙ্কির বৈবাহিক জীবনে ঝড় ওঠে। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বেশ কিছু দিন চলতে থাকে অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা। এদিকে টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন ‘পরকীয়া’য় জড়িয়েছেন বলে খবর ছড়ায় টলিপাড়ায়। তার পর থেকেই দম্পতি আলাদা থাকতে শুরু করেন।

নিন্দুকেরা বলেন, কাঞ্চন-পিঙ্কির বিচ্ছেদের নেপথ্যে অভিনেতার ‘পরকীয়া’ই দায়ী। পরবর্তী সময়ে একে অপরের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে পরে তারা আদালতের দ্বারস্থ হন। অবশেষে গত মাসে যুগলের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। টলিপাড়ায় এ রকম খবরও শোনা যাচ্ছে বিবাহবিচ্ছেদ পেতে পিঙ্কিকে মোটা টাকা খোরপোশ দিতে হয়েছে কাঞ্চনকে।

এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে কাঞ্চন বলেন, ‘খবরটা সত্য। এর বেশি আমি কিছু বলতে চাই না।’ অন্যদিকে পিঙ্কি বলেন, ‘হ্যাঁ। আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কাজের মধ্যে ডুবে আছি। ভাল আছি।’ 

কাঞ্চন-পিঙ্কির পুত্র ওশ এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। তাই আপাতত আদালত তাকে মায়ের সঙ্গেই থাকার অনুমতি দিয়েছে।

এই মুহূর্তে পিঙ্কি ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘কনস্টেবল মঞ্জু’ সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনকে এখন শ্রীময়ীর সঙ্গে প্রায়শই টলিপাড়ার বিভিন্ন পার্টিতে দেখা যায়। অভিনেত্রীকে কাঞ্চনের সঙ্গে সমাজমাধ্যমে ছবিও পোস্ট করতে দেখা যায়। কাঞ্চন যে শ্রীময়ীর সঙ্গে নতুন জীবন শুরু করতে চান, সে খবরও টলিপাড়ার দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু সেখানে বাধা ছিল বিবাহবিচ্ছেদ। আগামী দিনে কাঞ্চন-শ্রীময়ী সাত পাকে বাঁধা পড়েন কি না দেখা যাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত