বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা!

আপডেট : ১৪ মে ২০২৬, ০৫:১৭ পিএম

দীর্ঘদিন প্রেমের পর এবার চুপিসারে বাগদান সারলেন পশ্চিমবাংলার দুই তারকা জুটিসৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখার্জি।  টলিপাড়ার অন্দরমহলে এখন ঘুরছে ঠিক এমনই জোর গুঞ্জন। জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র ‘দীপ’ আর ‘ঝাঁপি’র সম্পর্ক নাকি আর শুধু পর্দার মধ্যেই আটকে নেই। বরং বাস্তবেও সেই সম্পর্ক অনেকটাই গভীরে পৌঁছে গিয়েছে বলেই দাবি স্টুডিওপাড়ার একাংশের। 

গত কয়েক মাস ধরেই সমাজমাধ্যমে সৌরভ এবং শুভস্মিতার একসঙ্গে কাটানো নানা মুহূর্ত নজর কেড়েছে অনুরাগীদের। কখনও আদুরে ছবি, কখনও একে অপরকে ঘিরে মজার পোস্ট, আবার কখনও একান্ত সময়ের ঝলক-  সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমেই বেড়েছে। যদিও প্রকাশ্যে দু’জনের কেউই প্রেম কিংবা বিয়ের প্রসঙ্গে স্পষ্ট কিছু বলতে চাননি। 

তবে এবার টেলিপাড়ার অন্দরে ছড়িয়েছে আরও বড় খবর। সূত্রের দাবি, গত ১০ তারিখ নাকি পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে চুপিসারে আশীর্বাদ পর্ব সেরে ফেলেছেন তাঁরা। অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ঘরোয়া। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই তারকাই। যোগাযোগ করা হলেও কেউই স্পষ্ট করে কিছু বলতে চাননি। 

শুধু তাই নয়, শোনা যাচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হলেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ ও শুভস্মিতা। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু আশীর্বাদ পর্বের খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে টেলিপাড়ায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত