বগুড়ার দুপচাঁচিয়ায় র্যাবের অভিযানে বৈদ্যুতিক মিটার চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাসস্ট্যন্ড এলাকায় জনৈক রিপনের হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, দুপচাঁচিয়া উপজেলায় বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটনসহ চুরি যাওয়া মিটার ও চুরির সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নামা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাসস্ট্যন্ড এলাকা থেকে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগরের এনামুলের ছেলে সজীব হোসেন (১৯), আলতাফ নগর বাজারের শফির ছেলে শাহাদাত আলী (১৯) এবং খিয়ানী মধ্যপাড়ার সামসুদ্দিনের ছেলে মাসুম বিল্লাহ (২৫)। এ সময় তাদের কাছে থাকা ৩টি চোরাই বৈদ্যুতিক মিটার, ২ কেজি বৈদ্যুতিক তার, একটি বৈদ্যুতিক তার কাটার মেশিন, ১০টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
