ফরিদপুরে আলোচিত রুবেল-বিপুলের অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

ফরিদপুরে অস্ত্র মামলায় আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি ইমতিয়াজ হাসান রুবেল (৪৯) ও রেজাউল করিম বিপুল (৩৮) নামের অপর এক ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ১৮৭৮ সালের অস্ত্র নিয়ন্ত্রণ আইনের ১৯ (এ) ধারায় পিস্তল রাখার দায়ে দুজনকে ১০ বছর করে এবং গুলি রাখায় একই আইনের ১৯ (এফ) ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারক। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসামিরা দুটি ধারার সাজা একসঙ্গে ভোগ করতে পারবেন।

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ইমতিয়াজ হাসান রুবেল ও তার ভাই সাজ্জাদ হোসেন বরকত। ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলায় ২০২০ সালের জুনে দুই ভাই গ্রেপ্তার হন। পরে তাদের নামে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা হয়।

ওই সময়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ভাই ও তাদের সহযোগী রেজাউল করিম বিপুলসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করিম বিপুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলার আসামি হচ্ছেন সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। অপর একটি অস্ত্র মামলায় আসামি হচ্ছেন ইমতিয়াজ হাসান ও রেজাউল করিম বিপুল। এই দুটি মামলা ছাড়াও মানি লন্ডারিংসহ বরকত ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা করা হয়। এর মধ্য অস্ত্র মামলাতে প্রথম বিচারকাজ শেষে রায় ঘোষণা করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত