‘পরবর্তী প্রজন্মের কাছে সুন্দর বাংলাদেশ রেখে যাওয়াই মূল উদ্দেশ্য’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের নির্যাতনের কথা স্মরণ করলে কেউ বিপথগামী হবে না। অর্থ উপার্জন মুখ্য নয়, পরবর্তী প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটি কাজ করতে হবে। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহী সার্কিট হাউসে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থায় কর্মরত রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তর সংস্থার কাজে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করে গণপূর্তমন্ত্রী বলেন, সরকারের সকল দপ্তর/সংস্থার কাজে যথাযথ সমন্বয় থাকলে দীর্ঘসূত্রিতা হ্রাস পাবে এবং উন্নয়ন পরিকল্পিত হবে। রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার কার্যক্রমের সাথে সিটি কর্পোরেশনসহ সকল প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের জন্য তিনি সংস্থা প্রধানদের নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন শেখ হাসিনা ১২০% বৃদ্ধি করেছেন, তার কাছে চাইতে হয় নাই। আপনারা আপনাদের দক্ষতা, যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে কাজ করুন। সকল কাজে জনগণের স্বার্থকে প্রাধান্য দিন। নিজেদের মধ্যে দেশপ্রেমের অনুভূতিকে জাগ্রত করুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, মাত্র তিন বছরের শাসন আমলে প্রায় সকল দেশের স্বীকৃতি অর্জনসহ জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভ করেছিলেন। তিনি সফল হয়েছিলেন কারণ তার মধ্যে দেশপ্রেম ছিল, মানুষের কল্যাণ কামনা ছিল। আপনাদেরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।

গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এনডিসি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হকসহ গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও নগর উন্নয়ন অধিদপ্তর- রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত