বার্সেলোনার জার্সি তৈরি হতে পারে বাংলাদেশে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম

তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সাফল্যের খ্যাতি আছে বিশ্বজুড়ে। দক্ষ কর্মী এবং সহজলভ্য শ্রমশক্তির কারণে বাংলাদেশে তৈরি পোষাকের কদর বেশ। বিশ্বের বড় বড় পোষাক শিল্প প্রতিষ্ঠান কাপড় তৈরী করে থাকে বাংলাদেশ থেকে। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো তাদের এক খবরে বলছে, বার্সেলোনা ফুটবল ক্লাবের জার্সি তৈরি হতে পারে বাংলাদেশে। এরইমধ্যে বাংলাদেশের ফ্যাক্টরিও ঘুরে গেছে বার্সার প্রতিনিধিরা।  

ওই খবরে আরও বলা হয়েছে বাংলাদেশ বাদে চীনের দিকেও নজর দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। চীনেও গেছেন বার্সার প্রতিনিধিরা।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সঙ্গে তাদের জার্সির স্পন্সর প্রতিষ্ঠান নাইকির সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। গুঞ্জন আছে পুমার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে ক্লাবটি।

নাইকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও নিজস্ব পদ্ধতিতে জার্সি তৈরির কথা ভাবছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। নাইকির সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া এবং নতুন স্পন্সরের পাশাপাশি বার্সেলোনার নিজস্ব ব্যবস্থায় আসতে পারে নতুন জার্সি। আর তারই অংশ হিসেবে ঢাকায় গার্মেন্টস কারখানা ঘুরে গেছে বার্সার ক্লাব অফিসিয়ালরা। 

তবে নাইকির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে কাতালান ক্লাবটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত