সরকারি চাকরিতে নিয়োগের ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৬ এপ্রিল। গতকাল রবিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থাকায় পরীক্ষা পেছান হলো। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা হবে।
পিএসসির একজন সদস্য জানিয়েছেন, এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে সভায়।
৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।
