সন্ধ্যায় মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম

বিপিএলের শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুই দলেই জাতীয় দলের তারকা ক্রিকেটারে ঠাসা। বিদেশি খেলোয়াড়েও কোটাও তারকাখচিত। আর তাই দুই দলের লাইনআপে খেলোয়াড়দের তালিকা চোখ কপালে তোলার মতোই।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এই দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় ছিলেন আরো দুই জন। তারা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বয়সভিত্তিক দল থেকেই ছিলেন একে অন্যের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে তাদের তিক্ততা উঠেছে চরমে।

বিপিএলের মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছিল রংপুর। এবার দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে আবারো এই দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ম্যাচের আবহে বাড়তি মাত্রা দিয়েছে এর ভেন্যু। তামিম ইকবালের নিজের শহর চট্টগ্রামে হবে এই ম্যাচ। গত কয়েক ম্যাচে পারফর্ম করার পরেও সাকিব চট্টলায় এসে দুয়ো শুনেছেন। আজ সেই মাত্রা ঠিক পৌঁছে যেতে পারে অন্য উচ্চতায়। তামিম ইকবালের সামনেও আছে চ্যালেঞ্জ। নিজের শহরে, আপন মানুষদের সামনে একটা ভাল ইনিংস নিশ্চিতভাবেই খেলতে চাইবেন ‘খান সাহেব’। 

বিপিএলের এই ম্যাচে আছে বাড়তি উন্মাদনা। রংপুর রাইডার্স প্লে-অফ নিশ্চিত করে ফেললেও অনিশ্চিত অবস্থায় আছে বরিশাল। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে।

দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি। ১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। আজ (সোমবার) তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ২৩ ফেব্রুয়ারি তারা খেলবে কুমিল্লার বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত