'মনু লঞ্চ থুইয়া কম্মে গেলা', বরিশালকে খোঁচা রংপুরের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম

সাকিব আল হাসান আর তামিম ইকবালের সম্পর্কের তিক্ততায় ভক্তরা কাল বিপিএলে দেখেছেন হাইভোল্টেজ এক ম্যাচ। যেখানে শেষ পর্যন্ত জয় হয়েছে সাকিবের রংপুর রাইডার্সের। ম্যাচ শেষে ফরচুন বরিশালকে খোঁচা দিতে ভুলেনি উত্তরবঙ্গের ফ্র‍্যাঞ্চাইজিটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের ১৫২ রানের জবাব দিতে রংপুরকে খেলতে হয়েছে ইনিংসের শেষ ওভার পর্যন্ত। হারাতে হয়েছে ৯ উইকেট। 

এমন এক ম্যাচের মাঝে উত্তাপ ছড়িয়েছে তামিম-সাকিবের ব্যক্তিগত দ্বন্দ্বের গল্পটাও। তামিমকে নিজের স্পেলের প্রথম বলেই আউট করেছিলেন সাকিব। আবার ব্যাট হাতে সাকিব যখন আউট হয়েছেন, তখন ব্যাঙ্গাত্মক উদযাপন করে সাকিবকে তা ফিরিয়েও দিয়েছিলেন তামিম। 

মাঠের সেই লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ফেসবুকে ম্যাচ জয়ের ফটোকার্ড শেয়ার করা স্বাভাবিক। তবে রংপুর রাইডার্স যেন নিজেদের জয় উপযাপন করতে গিয়ে বরিশালকে খোঁচা দিতে ভুলল না। 

জয়ের পর রংপুর রাইডার্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটা ফটোকার্ড শেয়ার করেছে। যেখানে লেখা, ‘এই মনু লঞ্চ থুইয়া কম্মে গেলা...।’ বরিশালের আঞ্চলিক ভাষায় দেওয়া এই পোস্টের অর্থ দাঁড়ায়- লঞ্চ রেখে কোথায় গেলে। 

 

সেই ছবির ক্যাপশনেও বরিশালকে খোঁচা দিতে ভোলেনি রংপুর। বরিশালের স্লোগানকে খানিক খোঁচা দিয়ে লেখা হয়েছে, 'মনু রে মনু, জেতছে ব্যাডা...?' 

এমনকি উইনিং মোমেন্টের ভিডিওর ক্যাপশনে লেখা, মনুদের লঞ্চ ডুবিয়ে দেওয়ার মুহূর্ত। দুইদলের মাঠের উত্তাপ যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আকারে ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত