গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর এই জয়ে বড় অবদান রেখেছেন চট্টগ্রামের ব্যাটার তানজিদ হাসান তামিম। এই ওপেনার একাই ব্যাট হাতে করেন ১১৬ রান। ফলে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
প্লে-অফ নিশ্চিত করা এই জয় নিয়ে তানজিদ সংবাদ সম্মেলনে বললেন, 'প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সঙ্গে সঙ্গে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবার সঙ্গে কথা হয়েছে সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।'
এছাড়া নিজের সেঞ্চুরি ভাগ্নেকে উৎসর্গ করেছেন সেঞ্চুরি, ‘আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সাথে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’
বিপিএলে এখন ৩৮২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। সেই বিষয় নিয়ে বলছিলেন, 'এর আগেও আমি বলছি যে, জিনিসটা নিয়ে আমি ভাবি না। আমি চেষ্টা করি দলের জন্য, আমার নিজের সেরাটার দেওয়ার। আমি শুধু আমার জোনের জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে আমাদের একটা-দুইটা উইকেট পড়ে গিয়েছিল। আমি আর ব্রুস চেষ্টা করেছি সেখান থেকে একটা জুটি গড়ার। আমরা দুইজন ভালোভাবে করতে পেরেছি। আমি সবসময় অপেক্ষা করেছি বাজে বলের জন্য। আমার জোনে যেটা ছিল সেটাতে শট খেলেছি।'
