অর্থমন্ত্রী বললেন—‘অর্থনীতি কিছুটা চাপে আছে’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম

বিদেশি ঋণের সুদ পরিশোধে কিছুটা চাপে আছে দেশের অর্থনীতি—বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘বিদেশি ঋণ পরিশোধের প্রেসার তো কিছুটা আছে। তবে খুব যে বেশি প্রেসার বিষয়টা ওই রকম না।’

 বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এর আগে অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুস সাত্তার এসয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী।

মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে, কিন্তু মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না। একটা কমে আরেকটা আবার বাড়ে। তবে একটু ধৈর্য্য ধরেন সব কিছু ঠিক হবে।’

তিনি আরও বলেন, ‘অর্থনীতিতে নানামুখী চাপ আছে, সেসব নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল, কিন্তু তাতে সবকিছু আটকে নেই। এলসিও খোলা হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘ইফাদ হাল নদীতে রেনু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরও করবো। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা নেওয়ার কাজ করে তারা। সামনে এই ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত