পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ নাজমুল আহসান (৫৬) গত বুধবার বিকেলে মারা গিয়েছিলেন। আর গতকাল বৃহস্পতিবার সকালে মারা গেছেন তার স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৮)। পুলিশ তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি। তবে তাদের ধারণা অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হতে পারে। অন্যদিকে তাদের মৃত্যুর সনদে অ্যালকোহল পয়জনিং লেখা ছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত বুধবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নাজমুল আহসান। গতকাল বৃহস্পতিবার সকালে তার স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত নাজমুল ঢাকা অঞ্চলের পরিচালক ছিলেন। মিরপুর-২ নম্বর অফিসার্স কোয়ার্টারে থাকতেন তারা। তাদের দুই মেয়ে। নাজমুলের গ্রামের বাড়ি মাগুড়া সদর উপজেলায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ বলেন, বুধবার বাসায় স্বামী-স্ত্রী উভয় অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নাজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তিনি সেখানে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নাজমুলের মরদেহের সুরতহাল করেন মিরপুর মডেল থানার এসআই মো. মিজানুর রহমান। তিনি বলেন, তার মৃত্যুর সনদে অ্যালকোহল পয়জনিং লেখা ছিল। বুধবার তারা বাসায় মদ্যপান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মিরপুর মডেল থানার এসআই কাঞ্চন নাহার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, নাহিদ আলম ও তার স্বামী নাজমুল আহসান দুজনেরই অ্যালকোহল পয়জনিংয়ে মৃত্যু হয়েছে।
সৈয়দ নাজমুল আহসান ১৯৯৬ সালে সরকারি চাকরিতে যোগদান করে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে তাদের একজনের বয়স ১২, আরেকজনের বয়স ১৫।
