বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ গতকাল বৃহস্পতিবার সাভারে আরভিঅ্যান্ডএফ ডিপোতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনী প্রধান আরভিঅ্যান্ডএফ ডিপোতে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়াসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আরভিঅ্যান্ডএফ কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন এবং সেনাবাহিনীর পুষ্টি ও জাতীয় নিরাপত্তা রক্ষাসহ এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
একই দিন সকালে বাংলাদেশ সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফ কোরের দ্বিতীয় ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন জিওসি ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মো. মঈন খান। সাভারে আরভিঅ্যান্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আরভিঅ্যান্ডএফ কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্র্তৃক জিওসি ও এরিয়া কমান্ডার সাভার এরিয়াকে গৌরবমন্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট উপস্থিত সবার উদ্দেশে তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আইএসপিআর
