ছুটির দিনে কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির অদূরে স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল শিশু পলাশ আহম্মেদ। খেলার একপর্যায়ে ক্রিকেট বলটি স্কুলের ছাদে উড়ে গিয়ে পড়ে। বলটি আনতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে মারা যায় পলাশ।
গতকাল শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের গোসিংগা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পলাশের পরিবার ওই গ্রামে ভাড়া বাসায় থাকে।
নিহত পলাশ আহম্মেদ (১২) ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি শেরপুর জেলা সদরে। তার বাবার নাম ইসহাক মিয়া।
পলাশের সহপাঠীরা জানায়, গতকাল তারা ক্রিকেট খেলতে স্কুলমাঠে যায়। খেলার একপর্যায়ে ক্রিকেট বলটি উড়ে গিয়ে স্কুলের দোতলার ছাদে পড়ে। পলাশ স্কুল ভবনের পাশঘেঁষা একটি বাঁশ ধরে ওপরে ওঠার সময় হাত ফসকে নিচে পড়ে যায়।
গোসিংগা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোড়ল শাহীন জানান, স্কুলের মাঠে খেলার সময় ছাদে ক্রিকেট বল উড়ে গিয়ে পড়ে। বলটি আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
