পেট্রাপোলে স্বর্ণের বারসহ ৩ বাংলাদেশি আটক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ এএম

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ১ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ তিন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়েছি বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ১৪৫ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বিএসএফ তাদের আটক করে।’

পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টধারী তিন যাত্রীকে পেট্রাপোল চেকপোস্ট হয়ে বাসে ওঠার সময় বিএসএফ তাদের সন্দেহভাজন হিসেবে আটক করে। তাদের ব্যাগ ও শরীর তল্লাশির পর মেশিনের মাধ্যমে তাদের পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। তাদের পায়ুপথে ১০টি স্বর্ণের বার ছিল। এসবের বাজার মূল্য ৬৫ লাখ রুপি। আটক ব্যক্তিরা তাদের পায়ুপথে স্বর্ণের চালানটি বহন করছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভারতের বনগাঁ থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুরের চিকান্দী উপজেলার বিনোদপুর গ্রামের রাজ্জাক মুন্সীর ছেলে আবু বক্কর মুন্সী (৩৮), ঢাকার তুরাগ এলাকার রুস্তম শেখের মেয়ে পারভীন আক্তার (৩৬) ও মানিকগঞ্জের সদর এলাকার তারা গ্রামের পিয়ার আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আড়াই কেজি ওজনের ২২টি স্বর্ণের বারসহ রপ্তানির পণ্যবাহী ভারতীয় ট্রাকচালক রাজু দাস ও সঞ্জীব দাসকে আটক করে বিএসএফ।

গত ১৬ ফেব্রুয়ারি ৮৫০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আবু বক্কর হানিফা ও জিয়া উদ্দীন নামে দুই ভারতীয় পাসপোর্টধারীকে আটক করে বিএসএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত