ময়লা ফেলার গাড়িচাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ-ভাঙচুর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ এএম

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম জানা যায়নি।

এদিকে শ্রমিকের নিহতের খবরের পেয়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বের হয়ে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় উত্তেজিত জনতা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছেন, ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ সকাল বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার একটি গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে  উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা।

খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরের গাছা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত