২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান কোচের অধিনে প্রায় সব শিরোপাই জিতেছে লিভারপুল। ক্লপ এই মৌসুম শেষে থাকবেন না অলরেড ডেরায়। ম্যাচ অফিসিয়ালরাও মৌসুম শেষে ক্লপের চলে যাওয়া ঘিরে আবেগতাড়িত হতে পারেন, এমনটি মনে করছেন চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনো।
লিগ কাপের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে পচেত্তিনো তাই রেফারিদের নিয়ে নিজের ভয়ের কথা জানালেন। ওয়েম্বলিতে ফাইনাল ম্যাচে রেফারিদের প্রতি 'সঠিক ও ন্যায্য' সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ করেন পচেত্তিনো।
সবশেষ গেল জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৪-১ গোলে হেরেছিল চেলসি। ওই ম্যাচে চেলসির প্রাপ্য পেনাল্টির আবেদন নাকচ করা হয়েছিল বলে মনে করেন পচেত্তিনো। 'আমাদের কেবল নিশ্চিত করতে হবে যেন আমরা ঠিকঠাক প্রতিদ্বন্দ্বিতা করি এবং ম্যাচে সব সিদ্ধান্ত যেন ন্যায্য হয়। (গত মাসে) যখন আমরা লিভারপুলের মাঠে তাদের বিপক্ষে খেলেছিলাম, তখন আমার মতে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত আমাদের পক্ষে ছিল না। দুটি পেনাল্টি দেওয়া হয়নি। ৫০-৫০ সিদ্ধান্তগুলো সবসময় লালের (অলরেড নামে পরিচিত লিভারপুল) পক্ষে ছিল।'
ওয়েম্বলির এবারের ফাইনাল পরিচালনা করবেন ইংলিশ রেফারি ক্রিস ক্যাভানা।
ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায়।
