টানা ৫ হারে বিধ্বস্ত চেলসি; ৩ মাসেই বরখাস্ত কোচ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

লিগ টেবিলে বিপর্যয় আর মাঠের পারফরম্যান্সে চরম হতাশাজনক ধারাবাহিকতার চড়া মূল্য দিতে হলো লিয়াম রোসিনিওরকে। চেলসির হেড কোচের দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ১৯১২ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচে কোনো গোল না করে হারের লজ্জাজনক রেকর্ডের মুখে দাঁড়িয়ে রোসিনিওরকে বিদায় জানালো ব্লুজরা।

গত জানুয়ারিতে সাড়ে পাঁচ বছরের এক দীর্ঘমেয়াদী চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে এসেছিলেন রোসিনিওর। কিন্তু ২৩ ম্যাচে তার অধীনে চেলসি জিতেছে মাত্র ১১টিতে। সবশেষ ব্রাইটনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ম্যাচের পর রোসিনিওর নিজেই দলের পারফরম্যান্সকে 'অসমর্থনযোগ্য' এবং 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছিলেন।

টানা ব্যর্থতায় প্রিমিয়ার লিগ টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে চেলসি। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। সমর্থকদের ক্রমাগত ক্ষোভ আর লিগ টেবিলের অবনতিই মূলত ক্লাব ম্যানেজমেন্টকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

রোসিনিওরকে ছাঁটাই করার বিষয়ে এক বিবৃতিতে চেলসি জানায়:"লিয়াম সবসময়ই অত্যন্ত সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। মৌসুমের মাঝামাঝি সময়ে তাকে নিয়োগ দেওয়ার পর আমরা দীর্ঘ মেয়াদে ভেবেছিলাম। এটি আমাদের জন্য কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু সাম্প্রতিক ফলাফল এবং মাঠের পারফরম্যান্স ক্লাবের কাঙ্ক্ষিত মানের অনেক নিচে। মৌসুমের এখনো অনেক কিছু অর্জনের বাকি থাকায় এই পরিবর্তন জরুরি ছিল।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত