ক্লাব কাপ হকি ২০২৪ জয় দিয়ে শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মোহামেডান ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।
মোহামেডানের পক্ষে ডিফেন্ডার আমিরুল ইসলাম জোড়া গোল করেন। এছাড়া দ্বীন ইসলাম ইমন, শফিউল আলম শিশির এবং আশরাফুল আলম একটি করে গোল করেন। পুলিশের হয়ে আহসান হাবীব এক গোল শোধ দেন।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল শহিদুল্লাহ টিটুর শিষ্যরা। টানা দুই ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ পুলিশ।
ম্যাচের সপ্তম মিনিটে দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। ১১ মিনিটে পিসি (পেনাল্টি কর্নার) থেকে গোল করে দলকে সমতায় ফেরান পুলিশের হাবীব। দ্বিতীয় কোয়ার্টারে কোন গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে লিড পায় মোহামেডান। ৩৪ মিনিটে পিসি থেকে ব্যবধান বাড়িয়ে নেন আমিরুল। পাঁচ মিনিট পর আশরাফুল আলমের ফিল্ড গোলে ব্যবধান হয় ৩-১। এরপর ৪১ মিনিটে শিশিরের দুর্দান্ত ফিল্ড গোলে মোহামেডান এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আমিরুল।
তার আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে আরেক ম্যাচে উষা ক্রীড়া চক্র ৫-২ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। ঊষার হাসান যুবায়ের নিলয় এবং আরশাদ হোসেন জোড়া গোল করেন। অপর গোলটি করেন তৈয়ব আলী। অ্যাজাক্সের হয়ে রাকিবুল ও তানজিম একটি করে গোল শোধ দেন।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই 'বি' গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ঊষা। আর টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অ্যাজাক্স।
