স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুক স্টোরিতে, স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৬ পিএম

বগুড়ায় স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় আনন্দ বাদ্যকর (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধুনট পুলিশ।

গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আনন্দ বাদ্যকর ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে।

আজ সোমবার বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান।

মামলা সূত্রে জানা গেছে, আনন্দ বাদ্যকরের সঙ্গে গত ৮ বছর আগে সনাতন ধর্ম অনুযায়ী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ের (২৬) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর ও ৩ বছর বয়সী দুটি ছেলে আছে। গত ২৫ দিন ধরে পারিবারিক কলহের কারণে মেয়েটি তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে বসবাস করছে। গত ২১ ফেব্রুয়ারি আনন্দ বাদ্যকর তার ফেসবুক আইডির স্টোরিতে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়। পরবর্তীতে মেয়েটি ও পরিবারের লোকজন ভিডিওটি দেখতে পায়।

এ কারণে রবিবার ধুনট থানায় ওই নারী বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন, মেয়েটি তার স্বামীর বিরুদ্ধে ফেসবুকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রবিবার থানায় মামলা করেন। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত