বাবরের ১১তম সেঞ্চুরির রাতে ৮ রানের জয় পেশোয়ারের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৯ পিএম

টাইমাল মিলসের অফ স্টাম্পের বাইরের বল কাভার দিয়ে ঠেলে বাবর আজম রান পূর্ণ করার পর লাফ দিয়ে ছাড়লেন হুঙ্কার। হেলমেট খুলে সতীর্থকে বাঁধলেন আলিঙ্গনে, এরপর দিলেন সিজদাহ। উদযাপনই বলে দিচ্ছিল, এই সেঞ্চুরির জন্য কতটা অধীর হয়ে ছিলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সোমবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে ৬৩ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন বাবর। পেশোয়ার জালমি অধিনায়কের ইনিংসটি গড়া ১৪ চার ও ২ ছক্কায়।

বাবরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ইসলামাবাদের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে পেশাওয়ার। সেই রান তাড়ায় নেমে ইসলামাবাদ ১৯৩ রানে থামলে জালমি পায় ৮ রানের জয়।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি বাবরের ১১তম সেঞ্চুরি। ২২ সেঞ্চুরি নিয়ে তার ওপরে কেবল ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।

এই দুজন ছাড়া সেঞ্চুরির সংখ্যায় এখনও দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। ৮টি করে সেঞ্চুরি আছে চার জনের- মাইকেল ক্লিঙ্গার, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ।

১০ থেকে ১১ নম্বর সেঞ্চুরিতে পৌঁছাতে বাবর লাগল সাড়ে ছয় মাস। দশমটি এসেছিল গত বছরের আগস্টে, লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে গল টাইটান্সের বিপক্ষে রান তাড়ায় ৫৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদের বিপক্ষে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে সময় নেন বাবর। ফিফটি করেন তিনি ৩৯ বলে। সেখান থেকে পরের পঞ্চাশ করতে লাগে স্রেফ ২০ বল।

বিশ ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন বাবর। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৬ ম্যাচে ৫০.২ গড়ে রান করেন ২৫১। ফিফটি ছিল দুটি, দুবার আউট হন ৪৭ রানে। সেই ফর্ম তিনি ধরে রেখেছেন পিএসএলেও। পেশোয়ারের প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৬৮ ও ৫১ বলে ৭২ রান।

চলতি পিএসএলে দ্বিতীয় সেঞ্চুরি এটি। আগের দিন বাবরদের বিপক্ষেই রান তাড়ায় লাহোর কালান্দার্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেন ৫২ বলে খেলেন অপরাজিত ১০৪ রানের ইনিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত