রাহুলের আসনে মিত্রদের প্রার্থী!

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় কংগ্রেস এবং বামপন্থিদের রণকৌশল কী হবে, তা নিয়ে এবার নতুন এক বিপত্তি দেখা দিয়েছে। এর কেন্দ্রে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বর্তমানে কেরালা রাজ্যের ওয়েনাড থেকে লোকসভার সদস্য (এমপি)। অথচ সেখানেই প্রার্থী ঘোষণা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)। এতে সমর্থন ব্যক্ত করেছে ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআইএম) যারা এখন কেরালা শাসন করছে।  

রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাডে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরপর সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত তাকে সমর্থন করে কংগ্রেসকে রাজনৈতিক বার্তা দিয়েছেন যিনি দলটির সাবেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের স্ত্রী।  গতকাল মঙ্গলবার বৃন্দা কারাত বলেন, ‘অ্যানি রাজা নারী আন্দোলনের নেত্রী। সিপিআই তাকে ওয়েনাডে প্রার্থী করেছে। তিনি কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) প্রার্থী হিসেবে আসনটিতে লড়বেন।

গত বছর কংগ্রেসের নেতৃত্বে বিজেপিবিরোধী জোট ‘ইনডিয়া’ গঠিত হয় যার অন্যতম শরিক সিপিআই এবং সিপিআইএম। জাতীয় স্তরের কংগ্রেস ও সিপিআইএম মিত্র হিসেবে সক্রিয় থাকলেও ভারতের সংসদীয় রাজনীতির সবচেয়ে বড় বামপন্থি দল সিপিআইএমের নেতৃত্বাধীন এলডিএফ জোটের সরকারের সঙ্গে কেরালায় মুখোমুখি লড়াই চলছে জাতীয় কংগ্রেসের। মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ানের শাসনাধীন রাজ্যটিতে কংগ্রেসই প্রধান বিরোধী দল। এক্ষেত্রে কেরালায় আগামী লোকসভা ভোটে এই দুটি দল কীভাবে লড়বে, তা এখন জল্পনা। তবে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস একসঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে আন্দোলন ও ভোটের রাজনীতিতে সক্রিয় রয়েছে। গতকাল বৃন্দা আরও বলেন, ‘এক দিকে কংগ্রেস বলছে তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। আর কেরালায় তারা গিয়ে বামপন্থিদের বিরুদ্ধে লড়ছে তা কী করে হয়। রাহুল ওই আসনে লড়বেন কি না তা আরও একবার ভেবে দেখা উচিত।’ রাজনৈতিক মহলের অনেকের ধারণা, বৃন্দা কারাত মূলত কংগ্রেসের ওপর চাপ তৈরির জন্যই এই কথা বলেছেন। তবে যে যুক্তি তিনি দিয়েছেন তার কতটা সারবত্তা রয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের। বৃন্দা যে বিজেপিবিরোধী লড়াইয়ের অভিমুখের কথা বলছেন তা যদি মুখ্য হয় তা হলে পশ্চিমবঙ্গেও সিপিআইএমের উচিত

তৃণমূলকে সমর্থন করা। কিন্তু তা কি হবে? বাংলার বাস্তবতায় সিপিএম জানিয়েছে তাদের লড়াই তৃণমূল এবং বিজেপি, উভয়ের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত