আলীগড় বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান বক্তা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানটি শুরু হবে। 

'ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড' শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজক আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। এতে সাদ্দাম হোসেনকে 'কি-নোট স্পিকার' হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ গুলরেজ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, পৃথিবীতে আমরা একমাত্র জাতি, যারা ভাষার জন্য বুকের রক্ত দিয়েছি। আমাদের গর্বের বাংলা ভাষাকে সম্মান জানাতে ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের 'ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড' অনুষ্ঠানে আমাকে 'কি-নোট স্পিকার' করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গর্বের। ২৮ তারিখ ভারতের উদ্দেশে রওনা হব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত