মৌসুম শেষেই থমাস টুখেলকে বিদায় জানাচ্ছে বায়ার্ন মিউনিখ। তারপরই সম্ভাব্য নতুন কোচের তালিকা প্রকাশ করে সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। যেখানে নাম ছিল ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদানেরও। যদিও সেটা ছিল কেবলই গুঞ্জন।
তবে স্কাই স্পোর্টস জার্মানির করা প্রথম ভবিষ্যদ্বাণী সত্য হতে বেশি সময় লাগেনি। তাদের খবর প্রকাশের অল্প সময়ের মধ্যেই আসে টুখেলের বিদায়ের ঘোষণা।
এবার তাদের দ্বিতীয় ভবিষ্যদ্বাণী সত্য করে সুলশার কিংবা জিদান বায়ার্নের ডাগআউটে আসেন কি না, সেটা দেখার অপেক্ষা। তবে তেমন কিছু যে একেবারে অসম্ভব নয়, সে ইঙ্গিত দিয়েছেন জিদান নিজেই। কোথায় ফিরবেন তা না জানালেও, কোচিংয়ে ফিরতে মুখিয়ে থাকার কথা বলেছেন এ ফরাসি কিংবদন্তি।
সম্প্রতি ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পিকে নিয়ে বানানো একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন জিদান। যেখানে কোচিংয়ে ফেরা নিয়ে জানতে চাইলে সাবেক এ রিয়াল মাদ্রিদ কোচ জানান, ‘কেন নয়, যেকোনো কিছু হতে পারে। এ মুহূর্তে আমি অন্য কিছু করছি কিন্তু দেখা যাক কী হয়। আমি নিশ্চিতভাবেই আবারও বেঞ্চে (কোচিং) ফিরতে চাই।’
জিদানের এ কথার পর এখন দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। তার এ কথাকে বায়ার্নে টুখেলের স্থলাভিষিক্ত হওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
শুধু বায়ার্নেই নয়। গুঞ্জন উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়েও ফিরতে পারেন জিদান। কারণ ম্যানইউয়ের বাজে ফর্মের কারণে এরিক টেন হাগ চাপে আছেন বলেও খবর রয়েছে। এমনকি দলটির মালিক জিম র্যাটক্লিফ ভাবনায়ও প্রতিভাবান ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রয়েছেন জিদান।
তবে নিজের অবস্থান পরিষ্কার করে জিদান বলেছিলেন, 'আমি ইংরেজি বুঝি, তবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। তাই আমি মনে করি ম্যানইউতে এমন কারো যাওয়া উচিৎ, যিনি ইংরেজি কথাটা ভালো বলতে পারেন।'
