হইচই-বিক্ষোভ দিয়ে শুরু অধিবেশন, শপথ নিলেন সংসদ সদস্যরা

  • হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টারও বেশি সময় পর উদ্বোধনী অধিবেশন শুরু হয়
  • পার্লামেন্টে পিটিআই-এসআইসির আইনপ্রণেতারা ‘কয়েদি নম্বর ৮০৪’ বলে স্লোগান দিতে থাকেন
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম

নানারকম নাটকীয়তা, হইচই ও বিক্ষোভের মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শুরু হয়েছে পাকিস্তানের নবনির্বাচিত জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও জাতীয় সংসদের বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়। তবে হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টারও বেশি সময় পর অধিবেশন শুরু হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্যা ডন।

প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী অধিবেশনে হট্টগোল এবং বিক্ষোভ করেছেন পার্লামেন্টের পিটিআই-সমর্থিত সদস্যদের অনেকেই। সংসদে পিএমএল-এন নেতা নওয়াজ শরীফ ও শেহবাজ শরীফ প্রবেশের সাথে সাথে স্লোগান দিতে থাকেন দলের নেতাকর্মীরা।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাও দলের পক্ষে ও পিএমএল-এন দলের বিপক্ষে স্লোগান দিতে থাকেন। পিটিআই-সমর্থিত সদস্যরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়েছেন

এ সময় স্পিকার সবাইকে শান্ত হয়ে যার যার আসনে বসার আহ্বান জানান। পরে নতুন পার্লামেন্ট সদস্যদের সবাই শপথ নেন।

এছাড়া পার্লামেন্টে পিটিআই-এসআইসির আইনপ্রণেতারা ‘কয়েদি নম্বর ৮০৪’ বলে স্লোগান দিতে থাকেন। বর্তমানে কারাগারে বন্দী থাকা পিটিআই নেতা ইমরান খানের কয়েদি নম্বর এটা। বিপরীতে পিএমএল-এনের পার্লামেন্ট সদস্যদের ‘ঘড়ি চোর’ বলে স্লোগান দিতে শোনা যায়।

আজ জাতীয় পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজলুল (জেইউআই-এফ) এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, সাবেক প্রেসিডেন্ট ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি, মওলানা ফজলুর রহমানও শপথ নিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত