থানায় নেওয়ার পথে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুলিশের কাছ থেকে গাঁজাসহ দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বড় গোপালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাগর মাদবর ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় বড় গোপালপুর ইউনিয়নের সূর্যমনী বাজারের এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার জাজিরা থানায় সাগর মাদবরসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা করেছেন এএসআই বেলাল হোসেন।
আহত জাজিরা থানার এএসআই বেলাল হোসেন, পুলিশ সদস্য জোহান, সবুজ খান ও ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জাজিরা থানার পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সূর্যমনী বাজারের পূর্বপাশের বালুর মাঠ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আরিফ মাদবর ও সবুজ মাদবরকে আটক করেন এএসআই বেলাল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য। পরে আসামিদের সূর্যমনী বাজারের দিকে নিয়ে এলে সাগর মাদবর, তার সহযোগী রাজিব মাদবর, রশিদ আকন, রহিম মাদবর, সাথী আক্তারসহ ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেয়।
এ সময় ফেসবুক লাইভে এসে সাগর মাদবর বলেন, ‘আমি গোপালপুর বাজার থেকে বলছি। আমি বড় গোপালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও বাজার কমিটির সেক্রেটারি। থানার কিছু অসাধু দারোগার কারণে আমাদের বড় গোপালপুরের মানুষ অতিষ্ঠ। তারা সিভিল ড্রেসে এসে সাধারণ মানুষকে বলে তোরা ইয়াবা ও মাদক বিক্রি করস, এ কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে যায়। যারা মাদক ব্যবসায়ী তাদের আটক করে না।’
বড় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার বলেন, ‘পুলিশ যাদের আটক করেছিল তারা মাদক, চুরিসহ বিভিন্ন মামলার আসামি। তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়াটা অন্যায়। যারা এ অন্যায়ের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।’
জাজিরা থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সাতজনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
