নারায়ণগঞ্জের বন্দরে নিজ ঘরে দিপালী রাণী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় তার স্বামী শ্যামা চন্দ্র দাস (৪৮)-কে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (০১ মার্চ) সকালে বন্দর থানার লেজারস এলাকায় ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিপালী রাণী ওই এলাকার কাউসার মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও শ্যামা চন্দ্র দাসের স্ত্রী। তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার স্বামী আহত শ্যামা চন্দ্র দাস পেশায় একজন চর্মকার। তাদের সংসারে চার মেয়ে।
ঘটনার বর্ণনা দিয়ে নিহতের মেয়ে মলি দাস বলেন, বৃহস্পতিবার রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হচ্ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে আমি ও ছোট বোন অথৈ বিয়ে বাড়িতে যাই। সে কারণে ঘরের বাইরে দিয়ে ছিটকিনি লাগিয়ে চলে যাই। রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে বৈদ্যুতিক বাতি না জ্বালিয়ে দুবোন খাটে ঘুমিয়ে পড়ি। আর বাবা-মা প্রতিদিনের মতো নিচে বিছানা পেতে শুয়েছিল। শুক্রবার সকাল ৮টায় ঘুম ভাঙলে উঠে দেখি মায়ের রক্তমাখা নিথর দেহ পড়ে আছে। তার শরীরে অনেকগুলো কোপের ক্ষত রয়েছে। এর পাশেই বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। কাছে গিয়ে দেখতে পাই তার নিঃশ্বাস চলছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
'হত্যার সাথে বাড়ির কেয়ারটেকার জড়িত' অভিযোগ করে তিনি আরও বলেন, এই বাড়ির বাড়িওয়ালার বোন ফরিদা বেগম কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাথে প্রায় সময় মায়ের ঝগড়া-ঝাটি হতো। কিছুদিন আগেও রান্না করা নিয়ে তার সাথে ঝগড়া হয়েছে। এছাড়া ঘর ভাড়ার টাকা নিয়েও ঝগড়া হয়েছে। তবে তাদের সব ভাড়া আমরা ইতিমধ্যে পরিশোধ করেছি। এই ঝগড়ার রেশ ধরে ফরিদা বেগম ও তার স্বামী মিলে আমার বাবা-মাকে কুপিয়েছে। মা বাড়িতে মারা গেছেন। আর বাবা হাসপাতালে আহত অবস্থায় এ কথা আমাদের জানিয়েছে। আমি আমার মায়ের খুনিদের বিচার চাই।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ঘটনাটি খুবই রহস্যজনক। ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার স্বামীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। এটি একটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
