বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ, গার্মেন্টে তালা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ক্রোনি গ্রুপের অবন্তী গার্মেন্টে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রæয়ারি) দুপুরে গার্মেন্টটির সকল শ্রমিক বকেয়া বেতনের দাবিতে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। দাবি মানা না হলে সড়ক অবরোধসহ বড় আন্দোলনের হুমকি দেয় তারা।

এর আগে, বুধবার (০৭ ফেব্রুয়ারি) শ্রমিকরা কর্মবিরতিতে করে বলে জানায় তারা। ডিসেম্বর মাসের আংশিক ও জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে তারা এ আন্দোলনে যায়।

শ্রমিকরা জানায়, অবন্তী গার্মেন্টে মাসে তিনটি কিস্তিতে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়। ডিসেম্বর মাসের শেষ কিস্তি ও জানুয়ারি মাসের পুরো বেতন বকেয়া থাকায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় বুধবার থেকে। বৃহস্পতিবার বেতন পরিশোধ না করলে আর কাজে যোগদান করবে না বলে হুঁশিয়ারি দেয়।

এদিকে কিছু শ্রমিক কাজ করতে চাইলে তাদের কাজ করতে বাধা দেওয়ার এবং গার্মেন্ট যেন চলতে না পারে সেজন্য আন্দোলনমুখী কিছু শ্রমিক গার্মেন্টটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ করে মালিক পক্ষ।

অপরদিকে শ্রমিক পক্ষের দাবি, গত সপ্তাহে তাদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ বেতন নিয়ে গড়মসি করে। বুধবার বেতন চাওয়ায় কিছু শ্রমিকদের হুমকি দেওয়া হয়। পরে শ্রমিকরা বৃহস্পতিবার বকেয়া পরিশোধ না করলে কাজে যোগ দেবে না বলে ঘোষণা দেন। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে গার্মেন্টের ভেতরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ এনে শ্রমিকদের কাজে যেতে হুমকি দেওয়ার অভিযোগ করে শ্রমিকরা। পরে সব শ্রমিকরা একত্রিত হলে দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা কৌশলে বের হয়ে যায়। পরে বেতনের দাবিতে প্রধান ফটক বন্ধ করে গার্মেন্টের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং শ্রমিকরা আন্দোলন শুরু করে।

তবে মালিক পক্ষের দাবি, গার্মেন্টের ভেতরে শ্রমিকরাই দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। তারা কিছু শ্রমিক যারা কাজ করতে চায় তাদের সেসব অস্ত্রসহ শ্রমিক ভেতরে প্রবেশ করে হুমকি দেয়। পরে তাদের বের করে এনে গার্মেন্টে তালা লাগিয়ে দেয়। এ ছাড়া সিকিউরিটি স্টাফ ও অফিস স্টাফদের মারধর করে শ্রমিকরা। তারা বিদ্যুৎ সংযোগ, ডাইং, প্রোডাকশন বন্ধ করে দেয় এবং তালা লাগিয়ে সব বন্ধ করে দেয়।

অবন্তী গার্মেন্টের জেনারেল ম্যানেজার ইনতিসার আহমেদ জানান, এক মাসের বেতন বকেয়া আছে সেটা সোমবার পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। তবে এটি একদল শ্রমিক মানতে নারাজ। এ নিয়ে বুধবার কথা হলেও বৃহস্পতিবার সকাল থেকে ওই একদল শ্রমিক বকেয়া বেতন পরিশোধ না করলে কাজ বন্ধ করে দিতে চায়। এসময় যারা কাজ করতে চায় তাদের দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে বের করে এনে গার্মেন্টে তালা লাগিয়ে দেয় এবং গার্মেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, ডাইং ও প্রোডাকশন বন্ধ করে দেয়। তারা সবাইকে বের করে দিয়ে নিজেরা তালা লাগিয়ে পুরো গার্মেন্ট অবরুদ্ধ করে রাখে। অফিস স্টাফ ও সিকিউরিটি স্টাফদেরও মারধর করে তারা।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টোলিজেন্স) মো. সেলিম বাদশা জানান, সেখানে মালিক পক্ষ ও শ্রমিক নেতা আছে। আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগামী রবিবার বেতন দেওয়ার কথা। এর মাঝে ব্যাংকের ট্রানজেকশনের কারণে বেতন দিতে পারেনি এমনটা জানিয়েছে মালিক পক্ষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত