ধলেশ্বরীতে ভাসছিল কাস্টমস কর্মকর্তার মরদেহ

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:৩৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের (৪৫) মৃতদেহ মুন্সিগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। নিহতের পরনে ছাই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট ছিল।

আজ শুক্রবার (০১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামাল হোসেন (৪৫) সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মাদ আলী আবজালের পুত্র। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। চেহারাও ছিল স্পষ্ট।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, লাশটি কাস্টমস কর্মকর্তা কামাল হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত