নেইমারের ফেরার ব্যাপারে শর্ত জুড়ে দিলেন ব্রাজিলের কোচ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:০২ পিএম

নেইমারের বাঁ হাঁটুর লিগামেন্ট ছিড়েছিল। সফলভাবে অস্ত্রোপচারও হয়েছে তার। তবে নেইমার কবে আবার মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। জুনে বসছে কোপা আমেরিকার আসর। তার আগে নেইমারের ফেরাটা কঠিন।

ব্রাজিল এই মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে। তার জন্য দলও ঘোষণা করেছেন নতুন কোচ দরিভাল। দল ঘোষণার সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন দরিভাল। ব্রাজিলের নতুন কোচ জানিয়ে দিয়েছেন, নিজেকে ফিট প্রমাণ করেই আবার দলে ঢুকতে হবে নেইমারকে।

দরিভাল বলেন, 'নেইমার খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তিনি নিজেও সেটা জানেন। ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। আমরা আশা করছি তিনি শারীরিকভাবে পুরো সুস্থ্য হবেন। জাতীয় দলের হয়ে নেইমার যা করেছেন, তাতে এমনিতেই দলে তার জন্য জায়গা থাকবে। তবে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে, শান্ত থাকতে হবে সবচেয়ে বড় কথা লক্ষ্য ঠিক রাখতে হবে। সে (নেইমার) দলের সঙ্গে যুক্ত হবেন পুরোপুরি ফিট হলেই।'

ইনজুরির কারণে চলতি মৌসুমে আল হিলালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচে খেলেছেন নেইমার। হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। তবে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চাইছে আবারও নেইমারকে দলে ভেড়াতে।

তবে দ্রুতই সান্তোসে ফিরছেন না নেইমার। সৌদি লিগ খেলার পরই অর্থাৎ হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই নেইমারকে দলে ফেরাতে চায় সান্তোস। ক্লাবটির প্রেসিডেন্ড বলেন, 'তার (নেইমার) সঙ্গে খুব অল্প কথা হয়েছে সান্তোসে ফিরে আসার বিষয়ে। তার ইনজুরি থেকে সেরে উঠতে হবে, সৌদিতে খেলবেন এবং এরপর আসতে পারেন।'

সান্তোসেই পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে খেলেছেন ১৪০ ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত